প্রশ্ন: অমৃতর মায়ের চরিত্রটি আলোচনা করো।দশম শ্রেণীর বাংলা - school book solver

Saturday, 25 July 2026

প্রশ্ন: অমৃতর মায়ের চরিত্রটি আলোচনা করো।দশম শ্রেণীর বাংলা

 



প্রশ্ন: অমৃতর মায়ের চরিত্রটি আলোচনা করো।

উত্তর>  সাহিত্যের রসবিচারে চরিত্র একটি বড়ো ভূমিকা পালন করে। কাহিনি যেমন চরিত্রকে অবলম্বন করে ক্রম অগ্রসরমান হয়, তেমনি চরিত্রও কাহিনিকে এগিয়ে নিয়ে যায়। আলোচ্য পান্নালাল প্যাটেল বিরচিত 'অদল বদল' গল্পের একটি নারীচরিত্র হল অমৃতর মা ‘বাহালি বৌদি। তাঁর চরিত্রের বিশেষ কয়েকটি দিক হল-

বিবেচক : অমৃতর মায়ের বিবেচনা বোধ ছিল প্রবল। একদিকে দরিদ্রপরিবারের টানাটানি, অন্যদিকে অমৃত-সহ চার সন্তানের অভাব-অভিযোগ-আবদার সামলানোর অভ্যাস দুই-ই তাঁর রয়েছে।

আদর ও শাসনের সামঞ্জস্য রক্ষাকারী : অমৃত নতুন জামার জন্য গোঁ ধরায় প্রথমে তিনি তাকে বুঝিয়েসুঝিয়ে নিরস্ত করতে চান। এমনকি ভর্ৎসনা ও প্রহারের ভয়ও দেখান। এতেও কাজ না-হলে তিনি অমৃতকে কায়দা করে বাবার কাছে পাঠাতে চান। তিনি জানতেন, যে-আবদার অমৃত তাঁর কাছে করছে, তা সে তার বাবার কাছে করতে পারবে না। এতেও সফল না হলে, অমৃত নানাভাবে তাঁদের মানসিক উৎপীড়ন করতে থাকলে, আবার তিনিই অমৃতর বাবাকে জামার জন্য রাজি করান।

নির্ভরযোগ্য : অমৃতর মায়ের দায়িত্ববোধ, আদর ও শাসনের সমতা পুত্র অমৃতকেও তাঁর ওপর নির্ভরশীল করে তোলে। অমৃত জানত, মা যতই শাসন করুক-না-কেন, দিনের শেষে মা-ই তার একমাত্র আশ্রয়।

পরিশেষে বলা যায় এই মাতৃমূর্তি চিরন্তনী। তাঁর কোনো নাম প্রয়োজন ছিল না, যদিও ইসাবের বাবাকে শোনা যায় তাঁকে ‘বাহালি বৌদি' বলে ডাকতে।

মোটের ওপর অমৃতর মায়ের চরিত্রটি ভালোবাসা ও মমতা দিয়ে গড়া এক স্বয়ংসম্পূর্ণ মা হয়ে উঠেছে ।