অদল বদল গল্প অবলম্বনে ইসাবের চরিত্রটি বিশ্লেষণ করো। দশম শ্রেণী বাংলা
প্রশ্ন: ‘অদল বদল' গল্প অবলম্বনে ইসাব চরিত্রটি বিশ্লেষণ করো।
উত্তর > পান্নালাল প্যাটেলের 'অদল বদল' গল্পে
অমৃতর মতোই একটি উল্লেখযোগ্য চরিত্র হল মাতৃহারা ইসাব। সমালোচক বলেছেন- 'Character is the Soul of Drama'। ছোটোগল্প যদিও নাটক নয়, তবু চরিত্রনির্মাণের ক্ষেত্রে ইসাব চরিত্রটি 'অদল বদল' গল্পের 'Soul' হয়ে উঠেছে। ইসাব চরিত্রের কয়েকটি দিক হল-
বন্ধুবৎসল : ইসাব তার বন্ধু অমৃতকে খুব ভালোবাসে। সেকারণে কুস্তি লড়তে না-চাওয়া অমৃতকে কালিয়া জোর করে কুস্তি লড়তে বাধ্য করলে ইসাবের মেজাজ চড়ে যায়। তাই সে কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে বন্ধুর অপমানের প্রতিশোধ নেয়।
ভীরু প্রকৃতি : কালিয়ার সঙ্গে ইসাব সাহসিকতার পরিচয় দিলেও অন্যান্য আর পাঁচটা ছেলের মতো সে ভীরু প্রকৃতির ছিল। তার যেমন ভয় ছিল জামা ছিঁড়ে যাওয়ার, তেমনি কালিয়া মাটিতে পড়ে কাঁদতে শুরু করলে কালিয়ার বাবা-মা তাকে মারতে পারে, এই ভেবে সে রণভূমি থেকে পালিয়েছিল।
অসহায়তা : ইসাব মাতৃহারা। তাকে তার বাবার সঙ্গে খেতে কাজ করতে হয়। মাতৃস্নেহ থেকে বঞ্চিত ইসাব বাবার প্রহারের কাছে সত্যিই বড়ো অসহায়।
> নিঃস্বার্থপর : ইসাবকে তার বাবার প্রচন্ড প্রহার থেকে বাঁচাতে অমৃত তাকে নতুন জামা পরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু প্রথমে সে জামা পরতে চায়নি, কারণ এতে অমৃতরও বাড়িতে মার খাওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে অমৃতই বরং তাকে বুঝিয়েছিল—‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।'
মানসিক উদারতা : ইসাব মুসলমান আর অমৃত হিন্দু সম্প্রদায়ের ছেলে হলেও কোনো ধর্মীয় বাধা তাদের বন্ধুত্বকে ম্লান করতে পারেনি। মানসিক উদারতার ইসাব সর্বদা অমৃতর পাশেই থেকেছে, তাকে ভালোবেসেছে, বেদনায় কষ্ট পেয়েছে।
এইভাবে মাতৃহারা ইসাব চরিত্রটি গল্পকারের লেখনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে।
