‘অদল বদল' গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো। - school book solver

Monday, 20 July 2026

‘অদল বদল' গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো।

 





প্রশ্ন: ‘অদল বদল' গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো।


উত্তর >  অদলবদল গল্পের নামকরণের সার্থকতা-

পান্নালাল প্যাটেল রচিত 'অদল বদল' গল্পের মূল উপজীব্য বিষয়টি অমৃত ও ইসাব নামক দুই বন্ধুর জামা অদলবদলের ঘটনা। কিন্তু আপাত ভাবে এই ঘটনাটিই কাহিনির গতি নির্ধারণ করে, এমনকি গল্পের চরিত্রগুলির অবস্থান বদলে, তাদের রূপান্তর ঘটায়। গল্পে দেখা যায়, অমৃতর হেনস্থা দেখে ক্রুদ্ধ ইসাব, তাকে বাঁচাতে যায়। ঘটনাচক্রে ইসাবের নতুন জামা ছিঁড়ে যায়। ভীত ইসাবকে নিজের জামা দিয়ে অমৃত রক্ষা করতে চায়। অমৃত যদি ইসাবের সঙ্গে তার এই জামা বদল না-করত, তবে অমৃতর চিন্তাভাবনার উদারতা ও উচ্চতা, ইসাবের বাবা ও পাড়াপড়শিদের কাছে অজানাই থেকে যেত। এমনকি এই ঘটনার সূত্রেই মাতৃহীন সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালনের বিষয়টিও ইসাবের বাবা হৃদয়ে অনুভব করেন। সুতরাং, অতিসাধারণ একটি ছোটোগল্প, নাটকীয় মোড় নেয় এই অদলবদলের ঘটনাটিকে কেন্দ্র করে। তাই এই জামাবদলের ঘটনাটিকে গল্পের ক্লাইম্যাক্সও বলা যেতে পারে। আবার গল্পের শেষ অংশে এসে দেখা যায়, ঘটনাটি গ্রামপ্রধানের কানে যাওয়ায় তিনি স্বয়ং ছেলে দুটির নামকরণ করেছেন ‘অদল' ও 'বদল'। জামার অদলবদলটুকু শুধু গল্পের কেন্দ্রীয় ঘটনামাত্র নয়, সমগ্র কাহিনির সার্থক নামকরণ।

শেষে ইসাবের বাবার সঙ্গে সঙ্গে গোটা গ্রামের মানসিক রূপান্তরের এক প্রচ্ছন্ন প্রতীকী মোটিফ হিসেবে স্পষ্ট হয়ে ওঠে। তাই গল্পটির ‘অদল বদল' নামকরণ সার্থক ও গভীরভাবে ব্যঞ্জনাবাহী।