দৈনন্দিনজীবনে বিজ্ঞান রচনা - school book solver

Wednesday, 1 July 2026

দৈনন্দিনজীবনে বিজ্ঞান রচনা

 





রচনা

দৈনন্দিন জীবনে বিজ্ঞান

 ভূমিকা : বিজ্ঞান ও আধুনিক জীবন সমার্থক। আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অনিবার্য উপস্থিতি। এদিক থেকে বিজ্ঞান মানুষের প্রতিদিনের সঙ্গী ও বন্ধু। আধুনিক সভ্যতায় বিজ্ঞান এক অপরিহার্য বিষয়। ব্যাবহারিক ও দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্য ছাড়া আমরা এক পা-ও চলতে পারি না। বিজ্ঞানকে ছাড়া আমাদের জীবন অচল।

বিজ্ঞানের দান: বিজ্ঞানীদের অতন্দ্র তপস্যার ফলে আজ বিজ্ঞানের বিজয় বৈজয়ন্তী জলে-স্থলে-অন্তরীক্ষে উড্ডীন। বিজ্ঞান তার জাদুতে মরুকে রূপান্তরিত করেছে সবুজ প্রান্তরে। দূরত্ত নদীর জলধারাকে বন্দি করে সেই জলধারা দিয়ে জলসেচন করে তাতে সবুজ বিপ্লব ঘটাচ্ছে। বিজ্ঞানের কৃপায় দূর আর দূর নেই, দূর হয়েছে নিকট। সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা আজ বিজ্ঞানের কৃপায় সহজ হয়ে গেছে। বিজ্ঞানের আবিষ্কার মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে।

 সর্বত্র বিজ্ঞানের অবদান : দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একান্ত অপরিহার্য। সকালে শয্যাত্যাগ থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার প্রাকমুহূর্ত পর্যন্ত বৈজ্ঞানিক প্রযুক্তি আমাদের সেবায় নিযুক্ত থাকে। দিনের প্রথম পর্বে ঘড়ি আমাদের জানিয়ে দেয় সময়ের সংকেত, রান্নার জন্য ব্যবহৃত হয় গ্যাস বা ইলেকট্রিক ওভেন, কুকিং রেঞ্জ। শীতকালে স্নানের সময় পেয়ে যাই ওয়াটার হিটার। দিনের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রী, অফিসযাত্রী সকলেরই নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে যায়। সেজন্য ট্রাম, বাস, ট্যাক্সি, রেল, চক্ররেল, পাতালরেল, রিকশা, অটোরিকশা, টেম্পো অপেক্ষা করে থাকে।যোগাযোগকে সহজ করেছে টেলিফোন বা দূরভাষ। জরুরি প্রয়োজনে থানা, হাসপাতাল, দমকল প্রভৃতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়। দূরকে করেছে টেলিফোন ও টেলিগ্রাম। আজকাল বহুতল অফিস কাছারিত সিঁড়ি ভেঙে উঠতে হয় না, তার জন্য রয়েছে লিফট বা এসকালেটর। গ্রীষ্মে স্বস্তি দিতে এগিয়ে এসেছে কুলার বা এয়ার কন্ডিশনার। টিভি আর রেডিয়ো ঘরের মধ্যে বিশ্বকে এনে দিয়েছে। অবসর সময় কাটানো ও বিনোদনের প্রধান বাহন আজ এগুলি। তা ছাড়া এই ইলেকট্রনিক প্রচারমাধ্যম দুটি প্রতি মুহূর্তে সংঘটিত বিশ্ব ব্যাপারের সঙ্গে আমাদের যুক্ত করে চলেছে। সারাদিনের কর্মক্লান্তির পর মানুষ ঘরে ফিরে টিভির পর্দায় চোখ রেখে বিনোদনমূলক অনুষ্ঠান দেখে ক্লান্তি দুর করে। এভাবেই দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত বিজ্ঞান বিশ্বস্তভাবে মানুষের সেবা করে চলেছে। বিনোদনে বিজ্ঞান: বিজ্ঞানের আবিষ্কৃত উপাদানে গৃহিণী তাঁর রান্নাঘরকে নবসাজে সজ্জিত করার সুযোগ পেয়েছে। পেনড্রাইভ, মেমরি কার্ড প্রভৃতির দৌলতে ঘরে বসে আমরা ভালোলাগা ছবি দেখার সুযোগ পাচ্ছি, কিংবা গান শুনে মনকে বিষণ্ণতা থেকে মুক্ত করতে পারছি।

এককথায় বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনকে একাধারে মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

উপসংহার:  বর্তমান যুগে মানুষ বিজ্ঞানের আশীর্বাদে, শতদল মাথায় করে জীবনকে করেছে আরামপ্রদ, উপভোগ্য ও সুন্দর। দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতিক্ষেত্রে বিজ্ঞানের নব নব সৃষ্টিকে কাজে লাগিয়েছে মানুষ।

বিজ্ঞান দৈনন্দিন জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। বিজ্ঞান আজ মানুষের বন্ধু, সহযোগী সেবক। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্য সেবা করে চলেছে। এ কথা ভাবলে শিউরে উঠতে হয় যে, বিজ্ঞান যদি এত প্রসন্ন না-হত তাহলে এই গতিময় বিশ্বে আমরা বাঁচতাম কী করে!